bogra times Add
ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬

‘এক মুরগি তিনবার জবাই চলবে না’, শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মনির হোসেন, যশোর প্রতিনিধিঃ
এপ্রিল ১৩, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নতুন করে ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান, ট্রল নিয়েও মন্তব্য


বেনাপোল (যশোর) প্রতিনিধি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।’ এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে নিয়ে অনেকেই নানাভাবে ট্রল করছে, আমি এটি এনজয় করছি। আমি চাই, প্রতিনিয়ত শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদে বিরোধী দলের এমপিরা প্রশ্ন করুক। জবাবদিহিতা ও কাঠগড়ায় তুলুন আমাকে। কারণ অন্য কোনো মন্ত্রণালয়ের মতো শিক্ষা মন্ত্রণালয় নয়, শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই গুরুত্ব পুরোনো শিক্ষামন্ত্রীর নতুন করে দায়িত্ব দেওয়া নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি—বিশেষ করে শিক্ষকদের প্রতি।’

পরীক্ষায় নকল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে—ডিজিটাল নকল। ছেলে-মেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়, বরং এটি শিক্ষকদের দুর্বলতা। কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে।’

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক।