bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

জুনের মধ্যে শান্তি চায় ওয়াশিংটন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ জুনের মধ্যেই শেষ হোক। আগামী সপ্তাহের মধ্যে উভয় পক্ষকে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শনিবার এক সাংবাদিক বৈঠকে জেলেনস্কি বলেন, “আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে ইউক্রেন ও রাশিয়ার আলোচক দল এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে বসুক। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি।” তবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেলেনস্কির বক্তব্য অনুযায়ী, আলোচনায় প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতা পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা উঠে এসেছে। তবে তিনি সতর্ক করেছেন, “এর জন্য প্রস্তুতিমূলক কিছু শর্ত পূরণ হওয়া প্রয়োজন।”

কোনো সময়সীমা নির্ধারণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, “আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায়।” তিনি এও উল্লেখ করেন, “যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়াবলি এই সময়সীমা নির্ধারণে প্রভাব ফেলতে পারে।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছরের বেশি সময় ধরে এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে আসছেন। তবে এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে শীত মৌসুমে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।

জেলেনস্কির এই ঘোষণা যুদ্ধবিরতি আলোচনায় নতুন গতির ইঙ্গিত দিলেও, রাশিয়ার সরাসরি সাড়া না পাওয়া পর্যন্ত শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন বিশ্লেষকরা।