bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত একাধিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ট্রাম্প ‘ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট’ (আইইইপিএ) প্রয়োগ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে শুল্ক বসিয়েছিলেন, তা আইনসিদ্ধ নয়। আদালতের পর্যবেক্ষণ, এই আইন প্রেসিডেন্টকে একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতা প্রদান করে না।

বিচারপতিদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ব্যাপক হারে শুল্ক আরোপের অসাধারণ ক্ষমতা দাবি করেন; কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের জন্য কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন, যা দেখাতে তারা ব্যর্থ হয়েছে।

রায়ে বলা হয়, জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে শুল্ক আরোপের চেষ্টা করা হলেও তা আইনগতভাবে সমর্থনযোগ্য নয়। ট্রাম্প প্রশাসন আইইইপিএর ওপর নির্ভর করার চেষ্টা করলেও এই আইন প্রেসিডেন্টকে এ ধরনের শুল্ক বসানোর অনুমতি দেয় না। ইতোমধ্যে এই শুল্কের আওতায় ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে।

রিফান্ডের বিষয়ে যা বলা হয়নি

আদালতের রায়ে অবশ্য ইতোমধ্যে সংগৃহীত বিপুল পরিমাণ শুল্ক ফেরতের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের পর যেসব কোম্পানি বা দেশ অতিরিক্ত এই শুল্ক পরিশোধ করেছে, তারা শুল্ক ফেরত পেতে বিপুল পরিমাণ আবেদন জমা দিতে পারে।

বিচারপতিদের বিভক্তি

বিচারপতি ব্রেট কাভানো, ক্ল্যারেন্স থমাস ও স্যামুয়েল আলিটো এই রায়ের বিপক্ষে ভোট দিয়েছেন। বিচারপতি কাভানো তার ভিন্নমতের পর্যবেক্ষণে বলেন, রিফান্ডের প্রক্রিয়া অত্যন্ত জটিল হতে পারে। বিশেষ করে, অনেক ব্যবসায়ী ইতিমধ্যেই শুল্কের এই অতিরিক্ত খরচ গ্রাহকের ওপর চাপিয়ে দিয়েছেন—এমন পরিস্থিতিতে ফেরত প্রক্রিয়া আরও জটিল আকার ধারণ করতে পারে।

অন্যদিকে, বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও নিল গোরসাচ প্রধান বিচারপতি রবার্টস এবং উদারপন্থী তিন বিচারপতির সঙ্গে একমত পোষণ করে সংখ্যাগরিষ্ঠ এই রায় দেন।

প্রসঙ্গ: ট্রাম্পের শুল্কনীতি

গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের ১৮০টিরও বেশি দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এই শুল্কের পরিমাণ কমপক্ষে ১০ শতাংশ থেকে শুরু করে কম্বোডিয়ার জন্য ৪৯ শতাংশ এবং লাওসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত ছিল। অস্ট্রেলিয়ার ওপর ১০ শতাংশ হারে শুল্ক বসানো হয়। বাংলাদেশও এই শুল্ক আরোপের আওতাভুক্ত ছিল।