bogra times cover image-1
ঢাকাWednesday , 28 October 2026

শেরপুরে বাসে তল্লাশি, ২ হাজার ইয়াবাসহ যাত্রী গ্রেপ্তার

বার্তা বিভাগ
October 28, 2026 12:52 am
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল হোসেন (৫৮) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার পুলিশের একটি দল দশমাইল এলাকায় সোনালী ব্যাংক পিএলসি, পল্লী উন্নয়ন একাডেমি শাখার সামনে মহাসড়কের পশ্চিম পাশে চেকপোস্ট বসায়। পরে চট্টগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জগামী ‘জান্নাত এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের বাম পাশের ই-২ নম্বর আসনে বসা আবুল হোসেনের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আবুল হোসেন গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকার মৃত নবাব আলীর ছেলে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

উদ্ধার করা ইয়াবা রাত ৩টা ৫৫ মিনিটে জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় এসআই বিকাশ চক্রবর্তী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৩৬, জিআর নম্বর ৩০৭।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

error: Content is protected !!