bogra times Add
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুরে ৬৪ মেধাবী শিক্ষার্থী পেলেন মেধা উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় খানপুর ইউনিয়ন চাকুরীজীবী এসোসিয়েশন ও মেধা উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০২৫ সালের এই বৃত্তি বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত হয়।

সংগঠন দুটির সভাপতি ডা. আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যাপক এস এম সাকিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ক্যান্টনমেন্টের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার (এফসি) হারুনুর রশীদ (রকেট), খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, ধুনট সরকারি কলেজের প্রভাষক মামুনুর রশীদ, চালিতাডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম এবং জয়লাজুয়ান ডিগ্রি কলেজের অধ্যাপক গোলাম রসুল।

বক্তারা শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। তারা মেধা উন্নয়ন ফাউন্ডেশন এবং চাকুরীজীবী এসোসিয়েশনের এমন উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতার অন্যতম দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করে সংগঠন দুটির প্রতি কৃতজ্ঞতা জানান।