bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

বালুবাহী ট্রলি খাদে পড়ে ট্রাক্টরচালক নিহত ক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ

Link Copied!

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুবাহী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে রাসেল সোনার (৩৫) নামে এক ট্রাক্টরচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ঘটনাপ্রবণ ওই সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকার ফুলবাড়ী-চিন্তামন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল সোনার রংপুরের বদরগঞ্জ উপজেলার ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল সোনার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি একটি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু সরবরাহ করে ফেরার পথে ছিলেন। ফুলবাড়ী-চিন্তামন সড়কের মুক্তারপুর এলাকায় পৌঁছালে ট্রলিটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী অভিযোগ করেছেন, সড়কটির ওই অংশটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। সেখানে একটি বাঁক ও সংযোগ সড়ক থাকলেও অধিকাংশ যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। প্রয়োজনীয় সতর্কীকরণ চিহ্ন বা গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

দুর্ঘটনার প্রতিবাদ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে সড়ক অবরোধ করেন এবং সেখানে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণের দাবি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ঘটনাস্থলে ছুটে যান। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক বসানোর আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেনও উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।