bogra times Add
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬

অতিরিক্ত টোলের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিউজ ডেস্কঃ-
মে ৪, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি : অতিরিক্ত টোল আদায়ের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া হাটে দুই সাংবাদিকের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও আনন্দ টিভির প্রতিনিধি আব্দুর রহিম।

স্থানীয় সূত্র জানায়, দইখাওয়া হাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ভিডিও ধারণ করতে গেলে গোতামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর ইসলাম এবং ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সম্পাদক মজিবর একদল লোক নিয়ে সাংবাদিকদের উপর চড়াও হন। অতিরিক্ত টোল নিয়ে প্রশ্ন করায় সাংবাদিক আসাদুজ্জামান সাজুর হাতের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।

এ ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে সাংবাদিক আব্দুর রহিমের উপরেও চড়াও হন হাট কর্তৃপক্ষ। পরে ছিনিয়ে নেওয়া মোবাইল ফেরত চাইলে তাদের আবারও মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া (পবন) বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

অভিযোগের বিষয়ে জানতে হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা নুর ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ সাংবাদিকদের ওপর হামলাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করে বলেন, “আমরা খোঁজখবর নিয়ে দেখবো। সাংবাদিকদের উপর হামলার ঘটনা সত্যি হলে তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, “আমি ডাক্তার চেম্বারে ছিলাম। ঘটনাটি শুনিনি। তবে দুই-একজন ফোন করে বলেছেন। আমি বিষয়টি ভালোভাবে শুনে ঘটনা সত্য হলে ব্যবস্থা গ্রহণ করব।”

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”