bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬

সহজ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে শেরপুরে তিন দিনব্যাপী মেলা শুরু

এনাম হকঃ-
মে ১৯, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দিতে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় নাগরিকদের অনলাইনে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে শেরপুর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে কানুনগো ইকবাল হোসেন, ইউনিয়ন ভুমি উপ-সহকারী সাইফুল ইসলাম, ফেরদৌস হাসান প্রিন্স, মাহমুদুল হাসান, সাজেদুল হাসান, মনিরুজ্জামান, স্বপ্না পারভিন,  আবেদ মাওলা, আব্দুস সালাম ও অফিস সহকারী রফিকুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব ও আধুনিক করতে সরকার কাজ করছে। নাগরিকদের সহজে সেবা নিশ্চিত করতে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড ও স্মার্ট ভূমি নকশাসহ নানা সেবা চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল ভূমিসেবা বিষয়ে বিভিন্ন তথ্য ও সহায়তা পাবেন।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত এ মেলা চলবে।