bogra times
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬

আইসিসির ‘নির্মম’ সিদ্ধান্ত: বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল

স্পোর্টস ডেস্কঃ-
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিনিধি:

আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকায় বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন (স্বীকৃতিপত্র) বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

আইসিসির ব্যাখ্যা অনুসারে, বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় ক্রীড়া সাংবাদিকদের টুর্নামেন্ট কভার করার অনুমতি দেওয়া হচ্ছে না। এর ফলে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের সংবাদ সরাসরি কভার করার সুযোগ হারালেন বাংলাদেশের সাংবাদিকরা।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্যই নয়, দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে।

আগের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। বিশ্বকাপের পুরো আসর কভার করার জন্য আইসিসির নির্ধারিত ফর্ম ও সময়সীমার মধ্যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকরা আবেদন করেছিলেন। দল খেলুক বা না খেলুক, ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ খেলার পর থেকে প্রতিটি আসরে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ছিল। এমনকি বাংলাদেশ দল না থাকলেও পূর্ববর্তী অনেক বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশি সাংবাদিকদের। ক্রিকেটের প্রতি দেশের মানুষের তুমুল আগ্রহের কারণে প্রায় সব মিডিয়া হাউজই বিশ্বকাপ কভার করতে সাংবাদিক পাঠায়।

কিন্তু এবার দল না থাকলেও আইসিসির এমন সিদ্ধান্ত সাংবাদিকদের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকে এটিকে অযৌক্তিক ও অসম্মানজনক বলে মনে করছেন। এ ধরনের সিদ্ধান্ত ক্রিকেট সাংবাদিকতা ও বিশ্বকাপ কভারেজে নতুন প্রশ্ন তুলেছে।