bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন করবেন- জামায়াত আমিরের প্রশ্ন

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনার তীব্রতা বাড়ছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে কঠোর প্রশ্ন তোলেন।

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “একটি দল আছে, তারা বলেন ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবেন। কিন্তু যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি, ব্যাংক ডাকাত—এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন? জনগণ এগুলো বোঝে।”

তিনি ২০২৪ সালের যুব আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “৩৬ জুলাই (৫ আগস্ট) এই জাতি ‘আওয়ামী জাহেলিয়াত’ থেকে মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকেই একটি অংশ আবারও চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজিতে লিপ্ত হয়েছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, “মজলুম ছিলেন, জালিম হবেন না। কেন এখন মানুষকে কষ্ট দিচ্ছেন?”

ডা. শফিকুর রহমান আরও অভিযোগ করেন, “ব্যবসায়ীরা এখন জিম্মি। যারা সাড়ে ১৫ বছর দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা ফিরে এসে এখন খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে।”

তিনি ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতি ও বিভিন্ন ‘কার্ড’ প্রথাকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে বলেন, “ইনসাফের সরকার কায়েম হলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী—কারও জন্যই আইনের ঊর্ধ্বে কোনো ছাড় থাকবে না। লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনার লড়াই চালানো হবে।”

জামায়াত আমির ভোটারদের উদ্দেশ্যে বলেন, “১২ ফেব্রুয়ারি রক্তের ঋণ শোধ করার দিন। তরুণ সমাজ পুরোনো বস্তাপচা রাজনীতি আর চায় না। আমরা যুবকদের হাতে দায়িত্ব দিতে চাই।” তিনি ঘোষণা দেন, নির্বাচনে জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।

জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সকাল ৯টায় শুরু হওয়া এই জনসভায় নাগরিক পার্টি ও জামায়াত সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।