bogra times cover image-1
ঢাকারবিবার , ১০ মে ২০২৬

থোকায় থোকায় আঙুরে ভরে গেছে বাগান, দেখতে ভিড় করছেন শত মানুষ

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
মে ১০, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিনিধি, ধুনটঃ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি এলাকায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় আঙুর। দূর থেকে দেখলে মনে হবে যেন দেশের কোনো পাহাড়ি অঞ্চলের ফলবাগান। তবে এটি বিদেশ নয়, ধুনটের মাটিতেই উচ্চ ফলনশীল বাইকুনুর জাতের আঙুর চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম (নাহিদ)। তার বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

কৃষির প্রতি আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে নিজের জমিতে আঙুর চাষ শুরু করেন নাহিদ। নিয়মিত পরিচর্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে তার বাগানে ভালো ফলন এসেছে। বর্তমানে বাগানে থোকায় থোকায় ঝুলছে আকর্ষণীয় ও সুস্বাদু আঙুর।

নাহিদ ইসলাম বলেন, “আমি বিবিএ সম্পন্ন করেছি। দীর্ঘ ১২ বছর চাকরি করার পর মনে হয়েছে চাকরির পাশাপাশি নিজের কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ২০২৪ সালে কৃষিভিত্তিক বাগান করার উদ্যোগ নিই। প্রথমে বড়ই বাগান শুরু করি। পরে বাইকুনুর জাতের আঙুরের পাশাপাশি ড্রাগন ও পেয়ারার বাগান গড়ে তুলি।”

তিনি আরও বলেন, “বর্তমানে ১৫ শতাংশ জমিতে আঙুরের বাগান করতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। শুরুতে অনেকেই এ চাষ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে আমি সাহস হারাইনি। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের কারণে এবার ভালো ফলনের আশা করছি। এ বাগান থেকে প্রায় চার লাখ টাকা মুনাফা পাওয়ার প্রত্যাশা রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা আছে।”

স্থানীয় কৃষকেরা জানান, ধুনটের মাটিতে বিদেশি জাতের আঙুর চাষ সফল হওয়ায় অনেকেই এখন এ ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। অনেকে ইতিমধ্যে নাহিদের বাগান পরিদর্শন করে চাষপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, দেশে বর্তমানে উচ্চমূল্যের ফল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ধুনটে নাহিদের এই উদ্যোগ ও সফলতা অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে তিনি মনে করেন।