bogra times Add
ঢাকারবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬

নয়াদিল্লির বার্তা: বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক ও জনকেন্দ্রিক’ সম্পর্ক চায় ভারত

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে সব ক্ষেত্রে ‘জনকেন্দ্রিক সহযোগিতা’ জোরদার করতে চায় ভারত। পারস্পরিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

প্রণয় ভার্মা জানান, সাক্ষাৎটি প্রাথমিক মতবিনিময় হলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমরা নিজেদের পারস্পরিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে ইতিবাচক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই।”

বাংলাদেশের নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের কথাও উল্লেখ করেন হাইকমিশনার। তিনি বলেন, নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানান। একই দিনে তাঁদের মধ্যে টেলিফোনে কথোপকথন হয়।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেন। ওই সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

প্রণয় ভার্মা বলেন, এসব উচ্চপর্যায়ের যোগাযোগে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি একটি “গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ” গঠনে ভারতের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ভিসা জটিলতা প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রসর চিন্তার ভিত্তিতে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে ভারত কাজ করবে।