bogra times Add
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে ৯৬ ঘণ্টার মিছিল-সমাবেশ নিষেধাজ্ঞা জারি

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটের আগের ও পরের ৪৮ ঘণ্টা মিলিয়ে মোট ৯৬ ঘণ্টা মিছিল, শোভাযাত্রা ও জনসভা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই বিধি-নিষেধ কার্যকর থাকবে। আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সঙ্গে সঙ্গেই নির্বাচনি প্রচার কার্যক্রম শেষ হবে এবং তারপর থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সব ধরনের মিছিল, শোভাযাত্রা ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

এদিকে নির্বাচন উপলক্ষে অবস্থান সংক্রান্ত কড়াকড়িও আরোপ করেছে ইসি। নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণের পরদিন (শুক্রবার) বিকাল পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় কেবল ওই এলাকার বাসিন্দা বা ভোটার এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই অবস্থান করতে পারবেন। অন্য কাউকে এই সময়ের মধ্যে নির্বাচনি এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতেই এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে।