bogra times Add
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাঠকের ভালোবাসায় ৩৬ বছরে পা রাখল দৈনিক চাঁদনী বাজার

এনাম হকঃ-
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সময় বদলায়, প্রজন্ম বদলায়, সংবাদমাধ্যমের ধরণও বদলে যায়। কিন্তু পাঠকের সঙ্গে বিশ্বাসের যে সম্পর্ক তৈরি হয়, সেটিই একটি পত্রিকার আসল শক্তি। সেই বিশ্বাসকে পাথেয় করে ৩৫ বছরের যাত্রা শেষে ২১ ফেব্রুয়ারি ৩৬তম বর্ষে পদার্পন করল দৈনিক চাঁদনী বাজার।

দীর্ঘ পথচলায় পত্রিকাটি কখনো কেবল খবরের বাহক হয়ে থাকেনি। স্থানীয় জনপদের সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা-সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা—সবকিছুই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সংবাদ পরিবেশনই ছিল শুরু থেকে মূল নীতি, যা আজও অব্যাহত রয়েছে।

৩৬তম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্সি, পত্রিকা বিক্রেতা, শুভানুধায়ী ও সাংবাদিকদের। তাদের সহযোগিতা ও সমর্থনেই একটি আঞ্চলিক পত্রিকা সময়ের পরীক্ষায় টিকে থেকে প্রতিষ্ঠিত অবস্থান তৈরি করতে পেরেছে।

প্রকাশক মোঃ সাবু ইসলাম বলেন, এই অর্জন আমাদের একার নয়। পাঠক, সহকর্মী, শুভানুধায়ী—সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ আমরা ৩৬ বছরে পৌঁছেছি। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় থাকবে।

বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে প্রযুক্তির ভূমিকা বাড়ছে। সে বাস্তবতায় প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও সক্রিয় উপস্থিতি নিশ্চিত করেছে দৈনিক চাঁদনী বাজার। দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে নতুন প্রজন্মের পাঠকদের সঙ্গেও সংযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

৩৬তম বর্ষে পদার্পন পত্রিকার জন্য যেমন গর্বের, তেমনি নতুন চ্যালেঞ্জেরও। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে, পাঠকের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবং নিরপেক্ষতার নীতিতে অটল থেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দৈনিক চাঁদনী বাজার।

পাঠকের ভালোবাসাই হোক আগামীর শক্তি—এই প্রত্যাশা নিয়েই শুরু হলো নতুন বছরের পথচলা।