bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

পাবনায় পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তি

পাবনা প্রতিনিধিঃ-
মার্চ ৭, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনার চাটমোহরে পুকুর সংস্কারের কাজ চলাকালে মাটির নিচ থেকে একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে সরকারি মঠের পুকুর নামে পরিচিত একটি পুকুর থেকে এই মূর্তি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি খননের জন্য ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মাটির নিচে পাথরের মূর্তিটি দেখতে পান শ্রমিকরা। এরপর মুহূর্তেই এলাকায় উদ্ধার হওয়া মূর্তিটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পুকুর খননের দায়িত্বে থাকা স্থানীয় বাসিন্দা ইদ্রীস আলী বিষয়টি থানা ও উপজেলা প্রশাসনকে জানালে ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান।

পরে তারা মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের উদ্যোগ নেন। বর্তমানে উদ্ধার হওয়া মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। ধারণা করা হচ্ছে, এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির ছিল, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় চার ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও জানান, আপাতত এটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।