bogra times Add
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ বয়কট ইস্যুতে বিসিবি-পিসিবির সঙ্গে বৈঠকে আইসিসি

স্পোর্টস ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

নানা নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না, আর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এই উত্তপ্ত পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি জরুরি বৈঠক করতে যাচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আইসিসির এই বৈঠকে যোগ দিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে পৌঁছেছেন। বৈঠক শেষে আজ (বৃহস্পতিবার) বিকেলে তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকে বর্তমান সময়ের প্রাসঙ্গিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সিদ্ধান্ত কি হবে তা এখন দেখা বাকি।

উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ না নেওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় ছিল। পাকিস্তানও নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যেতে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল, তবে আইসিসি সে আবেদন মানেনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে।

এরপর পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না বলে ঘোষণা দেয়। এই ইস্যুতে আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে, যাতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানো যায়।

পিসিবি সভাপতি মহসিন নাকভি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য আখ্যা দিয়ে শুরুতে প্রতিবাদ জানিয়েছিলেন এবং বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন। যদিও পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

এই ম্যাচ বাতিল হলে আইসিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের বিরাট আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি সমাধানে সক্রিয় রয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।