bogra times
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটের আগে বাংলাদেশ ব্যাংকের মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভোটের আগে বাংলাদেশ ব্যাংকের মোবাইল ব্যাংকিং নিয়ন্ত্রণ

ভোটের আগে টাকা দিয়ে প্রভাব বিস্তারের আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি—এই ছয় দিনের জন্য বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে। প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র এক হাজার টাকা। ফলে এই সময়ে বড় অঙ্কের লেনদেন কার্যত বন্ধ থাকবে।

একই সময়ে ব্যাংকিং চ্যানেলেও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটিটাচ, ডাচ্‌-বাংলা ব্যাংকের নেক্সাস পে—সহ বিভিন্ন ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচন কমিশনের অনুরোধেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো ভোটার প্রভাবিত করতে অর্থের অপব্যবহার রোধ করা।

ইতিমধ্যে ব্যাংকগুলোতে নগদ টাকা উত্তোলন ও জমায় কড়া নজরদারি শুরু হয়েছে। কোনো অ্যাকাউন্টে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে জানাতে হবে। রিপোর্টে গড়মিল ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক শাস্তির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বরাতে জানা যায়, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজন হলে লেনদেনের সীমা আরো কঠোর বা শিথিল হতে পারে।

বর্তমানে এমএফএসে দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকলেও হঠাৎ এই কড়াকড়ির কারণে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘিরে ডিজিটাল লেনদেনের গতিপথ এবার নজিরবিহীন নিয়ন্ত্রণের মুখোমুখি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।