bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬

কেক কেটে অধিকার-সুরক্ষার অঙ্গীকার, শেরপুরে উদযাপিত আদিবাসী পরিষদের ৩৩তম জন্মদিন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন—এসব দাবি তুলে বগুড়ায় উদযাপিত হলো জাতীয় আদিবাসী পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে সংগঠনটির বগুড়া জেলা কমিটি।

জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি সন্তোষ সিং (বাবু)-এর সভাপতিত্বে ও শেরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হীরা লাল সিংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—জেলা কমিটির সহ-সভাপতি যোগেশ সিং, সাধারণ সম্পাদক স্বপন কুমার, সাংস্কৃতিক সম্পাদক কমল সিং, শেরপুর উপজেলা কমিটির আহ্বায়ক স্বপন সিং, নন্দীগ্রাম উপজেলা কমিটির সভাপতি গৌতম মাহাতো, সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি রণজিৎ মালো, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ বাগদী, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কমিটির নেতা লিটন হক এবং শেরপুর উপজেলা কমিটির উপদেষ্টা রাশেদুল ইসলাম। সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, সমতলের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি ও সাংবিধানিক স্বীকৃতি দীর্ঘদিন ধরে অবহেলিত। সংগঠনের কার্যক্রম চালাতে সরকারি কোনো উল্লেখযোগ্য অনুদান না পাওয়ায় তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

তারা আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি মন্ত্রণালয় ও স্বাধীন কমিশন গঠন এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭(৮) ধারা যথাযথ বাস্তবায়নের দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত জাতীয় আদিবাসী পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা ও সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

আলোচনা শেষে নেতাকর্মীরা একত্রে কেক কেটে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন।