bogra times cover image-1
ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬

দই কারখানায় তেলাপোকা, শেরপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

এনাম হকঃ-
আগস্ট ১০, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

এনাম, বগুড়ার শেরপুর থেকেঃ

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টি উৎপাদন এবং সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিশেষ মনিটরিং কার্যক্রম চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানার শিকার প্রতিষ্ঠান দুটি হলো ঘোষপাড়ার চৈতি দধি ভান্ডার ও প্রান্ত দধি ভান্ডার। উভয় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটির খাদ্য উৎপাদন ও সংরক্ষণব্যবস্থায় বিভিন্ন অনিয়ম দেখা যায়। দই ও অন্যান্য খাবারের ওপর ব্যবহারের কাপড় রাখা ছিল। কারখানার বাথরুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া আগের দিনের তৈরি দই বিক্রির জন্য রাখা এবং মিষ্টি খোলা অবস্থায় সংরক্ষণ করতে দেখা যায়। একটি কারখানার ভেতরেই গোসল করার ব্যবস্থাও পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার বিষয়গুলো প্রতিষ্ঠান মালিকদের জানান। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বগুড়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় শেরপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।