bogra times cover image-1
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিএনজি রাখলেই গুনতে হতো ১০ টাকা: রায়গঞ্জে চেইনম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা রাখা ও যাত্রী ওঠানামার নাম করে বেআইনিভাবে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ উদ্দিন চান্দাইকোনা ইউনিয়নের তাতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা পশুর হাটের সামনে মহাসড়কের পাশে অটোরিকশা চালকেরা যাত্রী ওঠানামা করাতেন। হাটের দিন সেখানে গাড়ি থামলেই জায়গার মালিকানা দাবি ও ‘চেইন মেইনটেইন’ করার অজুহাতে প্রতিটি যান থেকে ১০ টাকা করে চাঁদা তুলতেন ফিরোজ উদ্দিন। কোনো চালক টাকা দিতে আপত্তি জানালে তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হতো।

এ ভোগান্তি ও হয়রানি বন্ধে ক্ষুব্ধ সিএনজি চালকেরা প্রতিকার চেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এক ভুক্তভোগী চালক বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, চালকদের অভিযোগের ওপর তদন্ত চালিয়ে সত্যতা মেলায় মামলা রুজু করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।