bogra times cover image-1
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

পিএসএলে সর্বোচ্চ পারিশ্রমিকে স্টিভেন স্মিথ

স্পোর্টস ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। টুর্নামেন্টের নিলাম ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার আগে, ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। এই সুযোগে ইতিহাস গড়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ

স্ট্যালিয়নজ অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে ভেড়িয়েছে। খবর অনুযায়ী, স্মিথের জন্য ফ্র্যাঞ্চাইজিটি প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি খরচ করছে, যা পিএসএলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। এই চুক্তির ফলে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের বেতনের চেয়েও দ্বিগুণের বেশি অর্থ পাচ্ছেন স্মিথ। উল্লেখ্য, প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবরের পারিশ্রমিক ৭ কোটি পাকিস্তানি রুপি।

এবার পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় পুরোনো দলগুলোর রিটেনশন কোটা ৮ থেকে কমিয়ে ৪ করা হয়েছে। প্রতিটি দল এখন চারটি ভিন্ন ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। যদিও প্লাটিনাম ক্যাটাগরির আনুষ্ঠানিক পারিশ্রমিক ৭ কোটি রুপি বলা হয়েছে, তবে সূত্রমতে কয়েকজন খেলোয়াড় তার চেয়েও বেশি পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্টিভেন স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। টুর্নামেন্টজুড়ে তিনি ২৯৯ রান করেন প্রায় ৬০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে, যাতে রয়েছে একটি শতক ও দুটি অর্ধশতক। কিছু ম্যাচে তাকে বাবর আজমের সঙ্গে ওপেনিং ইনিংস খেলতেও দেখা গেছে।

শিয়ালকোট স্ট্যালিয়নজে অস্ট্রেলিয়ান প্রভাব স্পষ্ট। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আট দলের মধ্যে সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি। এছাড়া দলটিকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

স্টিভেন স্মিথের দলে যোগদান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টিম পেইন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল টি-টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।”