bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬

মাছ তাজা দেখাতে লাইটে রঙিন পলিথিন, বগুড়ায় ৭ প্রতিষ্ঠান জরিমানা করলো ভোক্তা অধিকার

বগুড়া প্রতিনিধিঃ-
আগস্ট ১৪, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বগুড়ার ফতেহ আলী বাজারে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে মাছ, মাংস, সবজি, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের নানাবিধ প্রতারণার চিত্র ফুটে ওঠে। বিশেষ করে মাছের দোকানগুলোতে তাজা ও চকচকে দেখানোর জন্য লাইটের গায়ে সবুজ ও লাল রঙের পলিথিন মুড়িয়ে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছিল। এই অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ক্রয়কৃত পণ্যের পাকা রশিদ সংরক্ষণ না করায় এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাছ তাজা দেখাতে লাইটে রঙিন পলিথিন, বগুড়ায় ৭ প্রতিষ্ঠান জরিমানা করলো ভোক্তা অধিকার

অভিযানে আরও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। মুরগি ও মাছের ওজন পরিমাপক যন্ত্রের ওপর থেকে বিদ্যুৎ খরচ কমানোর অজুহাতে বসানো ফ্যান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি খাসি ও ছাগল আলাদা রেখে বিক্রি করতে বলা হয়। আর সোনালী মুরগি মজুত না থাকলে মূল্য তালিকা থেকে সোনালী মুরগির নাম বাদ দিয়ে ‘কালার বার্ড’ ও ‘ক্ল্যাসিক’ নাম সংযোজন করতে বলা হয়, যাতে ক্রেতারা বিভ্রান্ত না হন।অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।