bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

ইরানে স্থল হামলা চালালে মার্কিন সেনারা সরাসরি মোকাবিলার মুখে পড়বেন: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ৭, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ- ইরানের ভূখণ্ডে কোনো ধরনের স্থল সামরিক অভিযান বা ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ চালানো হলে মার্কিন সেনাদের মোকাবিলায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, সেনা মোতায়েনের অর্থ হবে সরাসরি যুদ্ধে জড়ানো, যা ইরান বদ্ধপরিকর হয়ে মোকাবিলা করবে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের শীর্ষ এই কূটনীতিক। সম্প্রতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরাগচি বলেন, ‘ইরানের ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েন মানেই আমাদের জন্য লাল রেখা পার হওয়া। আমরা সে অবস্থার জন্য পুরোপুরি প্রস্তুত এবং প্রয়োজনে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াই চালাব।’

এদিকে ইরানে স্থল সেনা মোতায়েনের বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সময় এ বিষয়ে ভিন্নধর্মী বা মিশ্র ইঙ্গিত দিয়েছেন তিনি। তার প্রশাসন থেকে এখনও পর্যন্ত ইরান ইস্যুতে কোনো একীভূত ও সুস্পষ্ট সামরিক নীতির কথা জানানো যায়নি।

তবে বর্তমান উত্তেজনার মধ্যেও ইরান কোনো যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার অনুরোধ করছে না বলে স্পষ্ট জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, ‘তেহরান এখন কারও কাছে যুদ্ধবিরতি চাইছে না। আমরা আমাদের অবস্থানে দৃঢ় এবং প্রয়োজন হলে প্রতিরোধ চালিয়ে যাব।’

সাক্ষাৎকারে তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান সংঘাতের এই ঘূর্ণাবর্তে কোনো পক্ষই প্রকৃত অর্থে জয়ী হতে পারবে না। এই অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে তা দীর্ঘমেয়াদি অস্থিরতা সৃষ্টি করবে এবং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও অনিশ্চিত করে তুলবে বলে তিনি মন্তব্য করেন ।

সূত্র: এনবিসি নিউজ, দ্য গার্ডিয়ান