bogra times cover image-1
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬

উপাদান গোপন ও দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি, বগুড়ায় গ্রামীণ ডানোনকে তিন লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধিঃ-
মে ২০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় খাদ্যপণ্যের মোড়কে উপাদান উল্লেখ না করা এবং দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়ার অভিযোগে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ১১টায় উপজেলার বেতগাড়ি-বনানী এলাকায় অবস্থিত ‘গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড’ কারখানায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির ‘প্লেইন ইয়োগার্ট’ ব্র্যান্ডের শক্তি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কে উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়া ‘ফর্টিফাইড টক দই’ পণ্যে এসটিপিপি (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি বলে প্রতীয়মান হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, এসটিপিপি প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ক্ষতিকর রাসায়নিক হিসেবে বিবেচিত।

এদিকে দই তৈরির মূল উপাদান দুধ ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে ‘টেট্রাসাইক্লিন’ ও ‘বিটা ল্যাকটাম’ অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। পরে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩২(ক) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তায় ছিল শাজাহানপুর থানা-পুলিশের একটি দল।

অভিযান শেষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারের সব আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।