bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬

খাল খননসহ শেরপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

এনাম হকঃ-
জুলাই ২১, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে সরকারি উন্নয়ন প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি চলমান খাল খনন প্রকল্পের কাজ আরও মানসম্মতভাবে কাজ সম্পন্নের নির্দেশ দেন। একই সঙ্গে বিল পরিশোধের আগে প্রকল্পের কাজ এস্টিমেট অনুযায়ী শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী সফরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার উপকারভোগীদের মধ্যে সরকারি সহায়তা সামগ্রী বিতরণ করেন।

সকালে তিনি শেরপুর থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সালামি গ্রহণ করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সেখানে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

খাল খননসহ শেরপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

এরপর তিনি গাড়ীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

খাল খননসহ শেরপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

দুপুরে কুসুম্বী ইউনিয়নের ভদ্রাবতী-তিলকাতলা-একদুলতলা খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, “এলজিইডির বাস্তবায়নে খাল খনন প্রকল্পটি পরিদর্শন করে আমার কাছে মনে হয়েছে, আরও ভালোভাবে কাজ করার সুযোগ ছিল। কাজটি এখনও চলমান রয়েছে। বিল পরিশোধের আগে যেন এস্টিমেট অনুযায়ী সুন্দরভাবে খননকাজ সম্পন্ন করা হয়, সে নির্দেশনা দিয়েছি। কাজ শেষ হলে আমরা পুনরায় পরিদর্শন করব। খনন কার্যক্রম তদারকির জন্য কমিটিও গঠন করা হয়েছে। কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”

খাল খননসহ শেরপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

পরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ‘পত্র পল্লব’ ফুলবাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই সঙ্গে সেখানে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, অসহায় ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও ঢেউটিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক এসব সহায়তা সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমু, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউ: ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান (শাওন)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।