bogra times
ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রচারণা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জানুয়ারি ২৭, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুরে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতকরণ, ট্রান্সফরমার চুরি রোধ এবং আসন্ন ‘গণভোট ২০২৬’-এ পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদানের লক্ষে এক বিশেষ প্রচারণা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বোর্ডের হাট বাজারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২, শেরপুর জোনাল অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উৎপল মন্ডল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:

  • মো. আব্দুল আওয়াল, এজিএম (ওএন্ডএম)

  • আব্দুল আলীম, পিইউসি

  • সবুজ কুমার হালদার, ইন্সপেক্টর

সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে শুধু বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে না, বরং আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ গ্রাহকরা। বক্তারা এই চোর চক্রকে প্রতিহত করতে এলাকাভিত্তিক কড়া নজরদারি, স্থানীয়দের সক্রিয় সহযোগিতা এবং দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

“বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ। ট্রান্সফরমার চুরির ফলে যে ভোগান্তি তৈরি হয়, তা নিরসনে গ্রাহক ও বিদ্যুৎ বিভাগকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” — উৎপল মন্ডল, ডিজিএম।

সভার একটি বড় অংশ জুড়ে ছিল ২০২৬ সালের আসন্ন গণভোট প্রসঙ্গ। পরিবর্তনের লক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরে গ্রাহকদের উদ্বুদ্ধ করেন বক্তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরাও এই প্রচারণায় একাত্মতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সকলে নিজ নিজ এলাকায় ট্রান্সফরমার চুরি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সরকারি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।