bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নওগাঁয় সাংবাদিককে মারধর, অফিসে আটকে রেখে মোটরসাইকেল ছিনতাই

রওশন আলম মান্দা নওগাঁ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁ শহরে এক সাংবাদিককে মারধর ও তার মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হামলাকারীরা ওই সাংবাদিককে তার পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে থেকে তালা মেরে দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আরিফুল ইসলাম রনক (৩২) নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দেশ রূপান্তর পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তার বাড়ি নওগাঁ শহরের চকরামপুর এলাকায়।

মারধর ও ছিনতাইয়ের ঘটনা

আরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে আকন্দ মার্কেটে একটি দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে রায়হান রানা নামের এক দোকানদারের সঙ্গে শুভ (৪০) নামের এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় বরেন্দ্রকণ্ঠ পত্রিকা অফিসে অবস্থানরত আরিফুল ইসলাম শোরগোল শুনে বাইরে এসে ঘটনার ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুভ ও তার সঙ্গী সেতু তার মোবাইল কেড়ে নিয়ে তাকে হুমকি-ধমকি দেয় এবং সেখান থেকে চলে যায়।

এরপর ওই মোটরসাইকেলের মালিক শুভ ও স্থানীয় বাসিন্দা সেতুর নেতৃত্বে ১৫-১৬ জন যুবক সন্ত্রাসী কায়দায় আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। প্রাণ বাঁচাতে আরিফুল দৌঁড়ে বরেন্দ্রকণ্ঠ পত্রিকা অফিসে ঢুকে পড়লে হামলাকারিরা বাইরে থেকে অফিসটি তালা মেরে দেয়। এরপর তারা অফিসের সামনে রাখা আরিফুলের পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

সাংবাদিক নেতার প্রতিক্রিয়া

এ বিষয়ে দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে এক যুবকের হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনা থামাতে গিয়েছিল আমার সহকর্মী আরিফুল ইসলাম রনক। ঘটনা থেমে যাওয়ার পর ওই দোকানদার দোকান বন্ধ করে চলে যায়। কিন্তু ওই মোটরসাইকেলের মালিক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সংঘবদ্ধভাবে আমার সহকর্মী আরিফুলের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা আমার সংবাদকর্মীকে ভেতরে আটকে রেখে সংবাদপত্র অফিসে তালা মেরে দেয়। আমার জানা মতে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

পুলিশের বক্তব্য

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, “দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাজের মোড় আকন্দ মার্কেটে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে আরিফুল ইসলাম ও শুভ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাচারহামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।