bogra times Add
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে: অটোপাস বন্ধ হচ্ছে

নিউজ ডেস্কঃ-
মার্চ ৩, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে দেশের প্রচলিত পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

কঠোর নকল প্রতিরোধ ব্যবস্থা

সভায় মন্ত্রী জানান, ‘ডিজিটাল ডিভাইসের’ মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দ্র ও টয়লেট নকলের দায়

শিক্ষামন্ত্রী স্পষ্ট নির্দেশনা দেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। এছাড়া নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে।

তিনি ব্যবহারিক পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র তদন্তের নির্দেশ

সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ফের তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনা দেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রীর এ ঘোষণার মাধ্যমে শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাবিদ ও অভিভাবকরা মনে করছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার গুণগত মান বাড়বে এবং মেধাভিত্তিক জাতি গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।