bogra times
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবিতে উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের শতাব্দীপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণ বরণ-২০২৬ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ঘোড়াঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই সরকার। সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিনন্দন বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী নয়ন ইসলাম। ষষ্ঠ শ্রেণির ছাত্রী চৌধুরী আতিফা ইবনাথ স্বরচিত মানপত্র উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ নওশাদ আলী, ঘোড়াঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আমিন, প্রাক্তন শিক্ষার্থী ও উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুর রহমান তপন, সিনিয়র শিক্ষক শফির উদ্দিন আকন্দ, সাবেক শিক্ষক মোফাজ্জল হোসেন ও দাতা সদস্য বিনয় সিং প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দাতা পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।

দ্বিতীয় পর্বে দুপুর ২টায় শিক্ষক ফরহাদ আলম জুয়েলের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ ও গানের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বিদ্যালয়ের পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং শিক্ষা ও সংস্কৃতিতে উৎসাহ প্রদানই ছিল মূল লক্ষ্য।