bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে দলের হাল ধরা তারেক রহমান এবারের নির্বাচনী লড়াইয়ে দলকে নেতৃত্ব দেন এবং নিজেও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে সকালে প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপ্ঠগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকালে বঙ্গভবনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠানের পর ধীরে ধীরে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাও শপথ গ্রহণ করেন।

রাজনৈতিক পুনরুত্থান

২০০১ সালের সংসদ নির্বাচনের সময় থেকে দলের ভেতরে সক্রিয় হয়ে ওঠেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। ওই বছর বিএনপি সরকার গঠন করলেও তিনি নিজে এমপি পদে নির্বাচন না করে ২০০২ সালের ২২ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে অধিষ্ঠিত হন।

২০০৭ সালের এক-এগারোর সরকারের সময় একাধিক মামলা ও দীর্ঘ ১৮ মাস কারাবরণের পর প্রায় সতেরো বছর লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকতে বাধ্য হন তিনি। গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আইনি জটিলতা কাটিয়ে নির্দোষ প্রমাণিত হলে দীর্ঘ প্রবাস জীবন শেষে ডিসেম্বর মাসে দেশে ফেরেন তারেক রহমান। ঢাকায় ফিরে বিএনপির পক্ষ থেকে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়, যা তার সরাসরি নেতৃত্বে ফেরার সূচনা করে।

দায়িত্ব ও বিজয়

দেশে ফিরে তিনি দেখতে পান তার মা ও দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এরই মধ্যে দলের হাল ধরা এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। কিছুদিন পর খালেদা জিয়ার মৃত্যু হলে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন তিনি এবং দলকে নির্বাচনী যুদ্ধে নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই বিএনপি অভূতপূর্ব সাফল্য অর্জন করে।

নির্বাচনের ফলাফল

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, মোট ৩০০টি আসনের মধ্যে দুইটির ফলাফল স্থগিত এবং একটিতে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল হওয়ায় বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর বাইরে জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়লাভ করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে নিজেও দুটি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দল ও দেশের শীর্ষ নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে আবির্ভূত হলেন জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান।