bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বইমেলা কেবল ক্রয়-বিক্রয়ের উৎসব নয়, শিক্ষা-সংস্কৃতির সূতিকাগার: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ-: অমর একুশে বইমেলাকে শুধু বই কেনাবেচার উৎসব নয়, বরং শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রধান সূতিকাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বইকে নিছক বিদ্যার্জনের মাধ্যম বা অবসর বিনোদনের সঙ্গী হিসেবে না দেখে মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যাংক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “নিয়মিত বই পড়ার অভ্যাস মানুষের স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এটি আলজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগের ঝুঁকিও কমায়।”

বর্তমান সময়ে তরুণ প্রজন্মের ইন্টারনেট আসক্তি ও বইমুখিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “ইন্টারনেটে বই পড়া গেলেও কাগজের পাতায় কালো অক্ষরের যে গভীরতা, তা ডিজিটাল মাধ্যমে পাওয়া যায় না। অতিরিক্ত ইন্টারনেট আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ কেড়ে নিচ্ছে। তাই তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার উপায় আমাদের বের করতে হবে।”

একটি পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বই পড়ার অভ্যাসে ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এই নেতিবাচক চিত্র পরিবর্তনে অমর একুশে বইমেলাকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলাকে ‘অমর একুশে আন্তর্জাতিক বইমেলা’ হিসেবে আয়োজনের প্রস্তাব করেন। তিনি বলেন, “এতে বিশ্বসাহিত্যের সঙ্গে আমাদের নাগরিকদের পরিচয় ঘটবে এবং বহু ভাষা ও সংস্কৃতি শেখার সুযোগ সৃষ্টি হবে।”

একইসঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে কাজ শুরুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।