bogra times cover image-1
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬

ছিনতাই করা মোটরসাইকেলেই ডাকাতির চেষ্টা, শেরপুরের যুবক গ্রেপ্তার

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
জুলাই ১৭, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ছিনতাইয়ের ঘটনায় লুট করা মোটরসাইকেল ব্যবহার করে আবারও ডাকাতির চেষ্টার সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী বগুড়া শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে শেরপুর উপজেলার গাড়ীদহ ওভারব্রিজ এলাকায় তিনজনের একটি দল তাঁর পথরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেল, দুটি মুঠোফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শেরপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত চলাকালে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক ফ্লাইওভারের কাছে কয়েকজন ব্যক্তি ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ঢাকাগামী একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করছে। এ সময় ট্রাকের ধাক্কায় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।

খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. মোকছেদুর রহমান মাহিন (২০) বলে পরিচয় দেন। তাঁর বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিন শেরপুরের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটিই আগের দিন শেরপুর থেকে ছিনতাই করা হয়েছিল। পরে তাঁর দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করা হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।