bogra times
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া ও নওগাঁ—জেলায় বিজিবির ৩৩ প্লাটুন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

বগুড়া প্রতিনিধিঃ-
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে সমানভাবে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী দায়িত্ব পালনে সংস্থাটি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখারও অঙ্গীকার ব্যক্ত করেছে।

নওগাঁ ব্যাটালিয়নের সদর দপ্তর বগুড়া মহিলা ডিগ্রি কলেজে রোববার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম।

তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি।”

জানা গেছে, বিজিবির দায়িত্বাধীন বগুড়া ও নওগাঁ—এই দুই জেলার মোট ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে ১৬টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত পরিকল্পনায় বলা হয়, বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ২৪ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাকি ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল মাসুম আরও উল্লেখ করেন যে, বিজিবি নির্বাচন কমিশনের সমন্বয়ে ও নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ পরিচালনায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে।