bogra times Add
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সাংবাদিকদের বিক্ষোভে ফুঁসছে রাজশাহী

সাকিবুল ইসলাম স্বাধীনঃ-
মার্চ ৮, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদা না পেয়ে ক্লাবে তাণ্ডব, সভাপতি রেজাউল করিম আহত

রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহীর বরেন্দ্র প্রেসক্লাব রক্তক্ষয়ী এক সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। গত শনিবার রাতে চার লাখ টাকা চাঁদা দাবি করে ক্লাবে ঢুকে সভাপতি রেজাউল করিমের ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন। এই ঘটনার প্রতিবাদে রোববার সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

ঘটনার পর থেকেই উত্তাল রাজশাহীর সাংবাদিক মহল। হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন তারা। ইতিমধ্যে বোয়ালিয়া মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নারকীয় সেই তাণ্ডব

শনিরার রাত আটটার দিকে শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাবে হঠাৎই ঢুকে পড়ে একদল সশস্ত্র সন্ত্রাসী। নুরে ইসলাম মিলনের নেতৃত্বে আসা এই দলটির হাতে ছিল চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরেই ক্লাব পরিচালনার নামে চাঁদা দাবি করে আসছিল মিলন গ্যাং। শনিবার দাবি আদায় না হওয়ায় তারা সশস্ত্র তাণ্ডব চালায়। প্রধান অভিযুক্ত মিলন সরাসরি ক্লাব সভাপতি রেজাউল করিমের মাথায় পিস্তল ঠেকিয়ে দেয়।

একপর্যায়ে সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করতে চাইলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গুরুতর জখম হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার উরুতে ১৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

রাজপথে সাংবাদিক নেতারা

রোববার দুপুরে সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানান। তারা সাফ জানিয়ে দেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল।

এছাড়াও উপস্থিত ছিলেন রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু ও কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল।

সাংবাদিকতা সন্ত্রাসের কাছে মাথা নত করবে না

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। বরেন্দ্র প্রেসক্লাবে যা ঘটানো হয়েছে, তা কেবল একটি ক্লাবে হামলা নয়, এটি গোটা সাংবাদিক সমাজের ওপর হামলা। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা গণতন্ত্রের ওপর হামলার শামিল। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সে জন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ জরুরি।

মামলা ও পুলিশের তৎপরতা

এদিকে এ ঘটনায় বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।