bogra times
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬

বিপিএল ফাইনাল: চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্কঃ-
জানুয়ারি ২৩, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৬ — আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের (২০২৫-২৬) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে এই মহারণ। ছয় দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামছে আজকের ফাইনালের মধ্য দিয়ে।

চট্টগ্রাম রয়্যালস (বিসিবি মালিকানাধীন) প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। ২০ জানুয়ারি মিরপুরেই অনুষ্ঠিত ওই ম্যাচে রাজশাহী ১৩৩ রান করে, চট্টগ্রাম ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। এর আগে লিগ পর্বে দুই দলের মুখোমুখি দুটি ম্যাচে জয় ছিল একটি করে।

টুর্নামেন্ট শুরুর আগে বিসিবির দায়িত্ব নেওয়ায় চট্টগ্রামকে নিয়ে বিতর্ক থাকলেও, এবার তারা শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে। বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি ২০১৩ ও ২০১৫ সালে চিটাগং কিংস নামে দুবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। নতুন নামে এবার প্রথমবারের মতো ট্রফি জয়ের সুযোগ সামনে।

চট্টগ্রামের অধিনায়কের আশাবাদ

গতকাল অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শেখ মেহেদি হাসান বলেন, “ফাইনালে উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভেতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দ্য বেস্ট! দেখা যাক, কী হয় কালকে।”

রাজশাহীকে প্রশংসা করে মেহেদি বলেন, “বিপিএলে ওয়ান অব দ্য বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।”

রাজশাহীর লক্ষ্য ও কোচের বক্তব্য

শুরু থেকেই ফেভারিট ছিল রাজশাহী ওয়ারিয়র্স। হেড কোচ হান্নান সরকার টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়া হয়েছে। মাঠেও তার প্রতিফলন দেখা গেছে। শেষ দিকে একাধিক নিউজিল্যান্ড তারকাকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে তারা। ২০১৯ সালে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল রাজশাহী।

গতকাল সন্ধ্যার সংবাদ সম্মেলনে হান্নান সরকার বলেন, “ট্রফি ধরার আগে যদি জিজ্ঞাসা করেন আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি আপনাদের সবার কাছে। মূলত সবার আগে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দিয়েছে রাজশাহী। আমাদের প্লেয়ার, ম্যানেজমেন্ট, টিমবয়—সবার ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ ট্রান্সফার হয়ে গেছে।” প্রথমবার হেড কোচ হিসেবে দলকে ফাইনালে নিয়ে যাওয়ায় তিনি সাপোর্টের জন্য ধন্যবাদ জানান।

ফাইনালে টসের গুরুত্ব থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ ঢাকা পর্বে চেজ করা দলগুলোই বেশি জিতেছে। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়—চট্টগ্রাম প্রথম শিরোপা জিতবে, নাকি রাজশাহী দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তুলবে? লাইভ সম্প্রচার হবে বিভিন্ন চ্যানেলে।