bogra times Add
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেইলার প্রকাশ, মুক্তি ১৯ মার্চ

বিনোদন ডেস্কঃ-
মার্চ ৭, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। গত মাসের শুরুতে প্রথম ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলা ছবিটির ট্রেইলার মুক্তির পর উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে গেছে।

হাইভোল্টেজ নেপথ্য সংগীত, মারকাটারি অ্যাকশন ও তীক্ষ্ণ সংলাপে ভরপুর এই ট্রেলার দেখেই মার্চের বক্স অফিস দখলের ইঙ্গিত দিয়েছেন পরিচালক আদিত্য ধর।

ট্রেলারে দেখা যায়, প্রতিবেশী দেশ যখন ধর্মের পতাকা তুলে মানবিকতার প্রশ্ন তোলে, তখন সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হন না হামজা (রণবীর সিং)। প্রতিপক্ষকে কঠোরভাবে জবাব দিতে প্রস্তুত তিনি। এই সিক্যুয়ালে তুলে ধরা হয়েছে হামজার নতুন লড়াই। তুখোড় কৌশল আর পাকিস্তানের মাটিতে জীবন-মৃত্যুর দ্বন্দ্বে কীভাবে টিকে থাকে সে—সেই গল্পই এগিয়ে যাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ।

প্রথম ছবির শেষে প্রশ্ন উঠেছিল—রহমান ডাকাতের মৃত্যুর পর পাকিস্তানের লিয়ারি শহরের নিয়ন্ত্রণ নেবে কে? করাচির ভবিষ্যৎই বা কার হাতে যাবে? সেই প্রশ্নের উত্তর নিয়েই এগোবে দ্বিতীয় কিস্তির গল্প। ট্রেলারে প্রতিশোধস্পৃহ হামজা আলিকে আরও ভয়ংকর ও নৃশংস অবতারে দেখা গেছে।

প্রায় তিন মিনিটের ট্রেলারে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন রণবীর সিং। ছবির আরেক বড় আকর্ষণ সঞ্জয় দত্ত—পুলিশ অফিসার চৌধুরীর চরিত্রে প্রথম ছবির মতোই শক্তিশালী উপস্থিতি দেখিয়েছেন তিনি। অন্যদিকে ভয়ংকর প্রতিপক্ষের ভূমিকায় দেখা যাবে অর্জুন রামপালকে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘ধুরন্ধর’ নতুন বছরেও প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে। হাজার কোটির গণ্ডি পেরিয়ে ছবিটি বলিউডের বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে। এবার সিক্যুয়ালে দর্শকদের জন্য আরও বড় চমক অপেক্ষা করছে—যার আভাস মিলেছে ট্রেলারেই।

সব মিলিয়ে নির্মাতাদের স্পষ্ট বার্তা—প্রথম ছবির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারও বক্স অফিস কাঁপাতে আসছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আগামী ১৯ মার্চ হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।