bogra times Add
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ১০ লাখ পরিবারকে ন্যায্যমূল্যে ডিম-দুধ-মাংস সরবরাহ: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ নিম্নআয়ের পরিবারের মাঝে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের মাঝে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করব। এর মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি প্রতিরোধ করা সম্ভব হবে।”

তিনি জানান, জেলায় প্রচলিত বাজারদরের চেয়ে কম মূল্যে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। মূলত নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানে তাদের প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা যায়।

সারা দেশে মাসব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী নির্ধারিত মূল্য তুলে ধরে বলেন, “প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি ডজন ডিম ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।”

পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে বসে তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক মো. শাহজামান খান তুহিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

উল্লেখ্য, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।