bogra times Add
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬

শেরপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
মার্চ ৬, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (৫ মার্চ) সকাল ১১টার দিকে সীমাবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পায় গ্রাম পুলিশের সদস্যরা। পরে তারা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওই দিনই রাত ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (৬ মার্চ) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরনে ছিল নীল রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট।

পিবিআই ও সিআইডি কর্তৃক মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো সাফল্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ আশা করছেন, প্রযুক্তিগত বিশ্লেষণ বা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে হয়তো তাঁর পরিচয় জানা যাবে।

পরিচয় শনাক্তে কর্তৃপক্ষের অনুরোধ

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, “মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে, কিন্তু এখনও কোনো মিল পাওয়া যায়নি। তার পরনে নীল শার্ট ও কালো প্যান্ট ছিল। আমরা আশা করছি, গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তাঁর পরিবার বা পরিচিতজন এগিয়ে আসবেন।”

মৃত ব্যক্তির লাশ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় সম্পর্কে কেউ জানতে পারলে বা কোনো স্বজন খোঁজ করলে শেরপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।