bogra times Add
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবিতে দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল জনসভা

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
“চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে প্রচারণার শেষ দিনে স্থানীয় গোহাটা মুক্তমঞ্চে এই স্মরণকালের ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়।

দুপুর থেকেই উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থক দলে দলে মিছিল করে জনসভাস্থলে যোগ দেন। তারা দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

জনসভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. সুজাউল করিম। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড. ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে আসনের উন্নয়ন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন, জেলা শুরার সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাও. মো. আবুল বাশার, জেলা যুবশক্তি এনসিপির আহ্বায়ক ইমরান হোসেন ও শিবির জেলা কমিটির সভাপতি তারেক হোসেন প্রমুখ।

জনসভা শেষে এমপি প্রার্থী ড. ফজলুর রহমান সাঈদ, ড. সুজাউল করিম ও মো. আবু সুফিয়ান মুক্তারের নেতৃত্বে প্রায় ২৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক একটি বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি গোহাটা ময়দান থেকে শুরু করে তিনমাথা মোড়, পাঁচমাথা মোড়, থানা রোড ও রেলস্টেশন সড়ক হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।