bogra times cover image-1
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬

বগুড়ার ধুনটে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

রবিউল হাসান:
জুন ৮, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করাকে কেন্দ্র করে গোলাম রব্বানী (৪৮) নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গোলাম রব্বানী দৈনিক নববাণী ও মানাস মিডিয়ার ধুনট উপজেলা প্রতিনিধি। তিনি উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, আল আমিন (৩৮) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার সকালে আমতলা চারমাথা এলাকায় তাকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখে সাংবাদিক গোলাম রব্বানী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আল আমিন তার ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রব্বানীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত আল আমিনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আটক আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।