bogra times cover image-1
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬

শেরপুরে দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় উপকরণ বিতরণ ও ‘আমরা জুলাই যোদ্ধা’র উপজেলা কমিটি ঘোষণা

নিউজ ডেস্কঃ-
জুন ২৮, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দোয়া মাহফিল, এতিম শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় উপকরণ ও পোশাক বিতরণ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়ি মুকুন্দ গণকবর মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘শপথ করে গড়ব দেশ, গণতন্ত্রের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা জুলাই যোদ্ধা’র উপজেলা আহ্বায়ক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা’ বগুড়া মহানগর শাখার আহ্বায়ক জুলফিকার আলম শেরপুর উপজেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৯টি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, বকুল খন্দকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিব করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে এতিমখানার ২২ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ এবং ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে টুপি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।