bogra times Add
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬

গুলশানে পথচারীকে মারধর: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্কঃ-
মার্চ ১৩, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা:
রাজধানীর গুলশানে এক পথচারীকে প্রকাশ্যে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এই মামলা দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে গুলশান-২ এর রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিকটক করার এক পর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের কোনায় আসামি মনিকা কবিরের গায়ে লাগে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করেন এবং তার ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন।

অভিযোগে আরও বলা হয়, মনিকা কবির ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যার ফলে ভুক্তভোগী ব্যক্তি আরও অপমানিত হন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন।

মামলাটি আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করা হয়েছে।