bogra times cover image-1
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬

শেরপুরে ফুটবল খেলার বিরোধে মধ্যস্থতাকারী শিক্ষার্থী নিহত

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ৩, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতিপক্ষের লাথি-ঘুষিতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু, পলাতক যুবকের গ্রেফতারে অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলা বিরোধ থামাতে গিয়ে প্রাণ গেল এক কিশোর শিক্ষার্থীর। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জামিল শেখ (১৬) ওই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই মাঠে স্থানীয় কিশোর ও যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসেন জামিল। এ সময় প্রতিপক্ষ শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল (২২) ক্ষিপ্ত হয়ে জামিলের ওপর অতর্কিত হামলা চালায়। শাকিলের সজোরে লাথি ও কিল-ঘুষিতে জামিল গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শাকিল ওই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, নিহতের পিতা রফিকুল ইসলামের দেওয়া একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত শাকিলকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, ‘অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’