bogra times Add
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬

ঈদের ইমাম নিয়োগ নিয়ে বিএনপির ও জামায়াতের সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

নিউজ ডেস্কঃ-
মার্চ ৮, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-ই-ইসলামী ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে এ সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। নিহতের ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

নিহত আলাউদ্দিন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন মোহনপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে আলোচনাকালে বিএনপির লোকজন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আলাউদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। নিজেদের পছন্দের প্রার্থীকে ইমাম নিয়োগ দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে নিহতের খবরে বিক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের সাঁকোয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভকারীরা সড়কে বাঁশ ও গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে দেন এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এদিকে, নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।