bogra times
ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬

এক নেত্রী মানুষের হৃদয়ে, অন্যজন বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৬, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক | 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রীর পরিণতির মধ্য দিয়ে আজ জনমতের প্রতিফলন ঘটেছে। তিনি মন্তব্য করেন, “এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আর আরেকজনের স্থান হয়েছে বিতাড়িত ভূমিতে।”

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলা এই সভায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতা, কূটনীতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিচারের নামে ‘জঘন্য’ আচরণের স্মৃতিচারণ

বিগত সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে চলা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি একটি ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “একটি মামলায় প্রতিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন—আমি কি এতিমের টাকা মেরে খেয়েছি? কিন্তু বিচারক সেটি নথিবদ্ধ করেন এভাবে যে, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।” আসিফ নজরুল বলেন, “আইনের ছাত্র হিসেবে আমি জীবনে এত জঘন্য বিচার আর কখনও দেখিনি।”

কঠিন সময়ের কথা

খালেদা জিয়ার ওপর চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সে সময় কতটা কঠিন ছিল, তা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “বেগম জিয়ার পক্ষে একটি প্রতিবাদমূলক বিবৃতি দেওয়ার জন্য আমি অনেকের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু মাত্র চারজনের বেশি কাউকে রাজি করানো যায়নি।” এমনকি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যাপারেও অনেকের সাহসের অভাব ছিল বলে তিনি মন্তব্য করেন।

গণ-অভ্যুত্থান ও স্বাধীন মতপ্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, এই আন্দোলনের ফলেই আজ মানুষ মুক্তভাবে ঘৃণা ও ভালোবাসা প্রকাশ করতে পারছে। তিনি বলেন, “আজ মানুষ স্বাধীন বলেই বেগম জিয়ার প্রতি এভাবে শ্রদ্ধা জানাতে পারছে।”

অসাধারণ চার বৈশিষ্ট্য

খালেদা জিয়ার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, তার সততা, আত্মত্যাগ, দেশপ্রেম ও রাজনৈতিক রুচি বাংলাদেশের ইতিহাসে অনন্য হয়ে থাকবে। তিনি আরও বলেন, “বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়ার অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং তাকে বৈশ্বিক পর্যায়ে (ইন্টারন্যাশনালাইজ) তুলে ধরতে হবে।”

স্মরণসভায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় তার আপসহীন ভূমিকার কথা তুলে ধরেন।