bogra times Add
ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের ইফতারে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করলেন মির্জা আব্বাস

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিজ্ঞতা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তাঁর কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরে পোস্টে তিনি লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহা করার চেষ্টা করেছি।’

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমিরকে দোয়া চাইলে তিনি বলেন, ‘তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।’ এনসিপির এই নেতা আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি বাসার বুয়ার ফ্যামিলি কার্ড চাওয়ার প্রসঙ্গে জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা শুরু করেছি, খুব শিগগির সারাদেশে চালু হবে।’

মঈন খানের সঙ্গে কথোপকথনে তিনি বাসায় আসার আমন্ত্রণ পান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাইকে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ‘এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।’

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি করবা না’ বলে সতর্ক করে দেন। জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে আসন নিয়ে ‘দুষ্টুমি’র ঘটনা ঘটেছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।