bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে অভিনন্দন ট্রাম্পের, সম্পর্ক জোরদারের আশা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একটি চিঠি পাঠিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে তারেক রহমানের নির্বাচনী বিজয় উপলক্ষে অভিনন্দন জানানো হয়।

চিঠিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি, পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এছাড়া নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য আমেরিকান সরঞ্জাম প্রাপ্তির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চিঠির শেষে ট্রাম্প দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথা জানান।

এর আগে নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তারেক রহমানকে সরাসরি অভিনন্দন জানিয়েছিলেন। দূতাবাসের বিবৃতিতে বিএনপির ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানানো হয়।

তারেক রহমান এর আগে ভারত, চীন, সৌদি আরব ও পাকিস্তানের নেতাদের কাছ থেকেও অভিনন্দন বার্তা পেয়েছেন। বিশ্লেষকদের মতে, মার্কিন এই অভিনন্দন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান তাঁর প্রথম ভাষণে জাতীয় ঐক্য, অর্থনৈতিক পুনরুদ্ধার ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিয়েছেন।