bogra times Add
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দরিদ্র পরিবারের জন্য আস-সুন্নাহর ৩৩ হাজার মেট্রিক টন ইফতার সামগ্রী

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র রমজানকে ঘিরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ জানিয়েছেন, আস-সুন্নাহর পক্ষ থেকে ৩৩ হাজার ৩০০ দরিদ্র পরিবারের জন্য ২৩৩ মেট্রিক টন ইফতার সামগ্রী প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে প্যাকেজিংয়ের কাজ চলছে পুরোদমে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শায়খ আহমাদুল্লাহ এ তথ্য জানান। তিনি লেখেন, নির্বাচনের ছুটির মাঝেও আস-সুন্নাহ স্কিলের কিছু শিক্ষার্থী ইফতার প্যাকেজিংয়ের কাজ করে যাচ্ছেন। তাদের এই আন্তরিকতায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

দেশব্যাপী ব্যাপক পরিসরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। শায়খ আহমাদুল্লাহ জানান, দেশের ৬৪ জেলার ৬২৭টি স্পটে এসব ইফতার প্যাকেজ পৌঁছে দেওয়া হবে।

ইফতার প্যাকেজে কী কী থাকছে, সেটিও বিস্তারিত জানিয়েছেন তিনি। একটি প্যাকেজের তালিকা নিম্নরূপ:

  • ২ কেজি ছোলা

  • ২ কেজি মসুর ডাল

  • ১ লিটার সয়াবিন তেল

  • ১ কেজি খেজুর

  • ১ কেজি মুড়ি

শুধু ইফতার সামগ্রী নয়, রমজানের শিক্ষায় সমৃদ্ধ করতে এবার বিশেষ একটি সংযোজন ঘটানো হয়েছে। শায়খ আহমাদুল্লাহ জানান, ইফতার প্যাকেজের সঙ্গে এবারই প্রথম ‘মাহে রমজানের ২৭ আমল’ বইটি উপহার হিসেবে দেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্তে রোজাদারদের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ ইতোমধ্যে সবার নজর কেড়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও সংগঠনের এমন মহতী প্রচেষ্টায় রমজানের প্রাণের ছোঁয়া লাগবে হাজারো অসহায় পরিবারে।