bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

পরাশক্তিসহ ১৫ দেশের শীর্ষ নেতাদের শুভেচ্ছা পেলেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইতিহাস গড়া বিজয় নিশ্চিত করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ ফলাফলের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও, গতকাল থেকেই বিশ্বের পরাশক্তি ও প্রভাবশালী দেশগুলোর নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন ও সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঢল নেমেছে। বিশ্লেষকদের মতে, প্রজ্ঞাপনের আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সাড়া তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিশ্বের আস্থা এবং নতুন সরকারের প্রতি সমর্থনের স্পষ্ট বার্তা বহন করে।

যুক্তরাষ্ট্রের দ্বৈত বার্তা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবচেয়ে আগেই আসে শুভেচ্ছা। গতকাল সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পৃষ্ঠায় দেয়া এক বিবৃতিতে বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এরপর রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজের এক্স হ্যান্ডেলে সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এ অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।’

চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

এদিন সকালেই নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানায় চীন। ঢাকার চীনা দূতাবাসের বার্তায় বলা হয়, ‘স্মরণীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে এবং নির্বাচনে জয়লাভ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন।’ পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে সমর্থন করে। বেল্ট অ্যান্ড রোডসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা গভীর করতে এবং দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রস্তুত চীন।’

ভারতের মোদি-মমতার শুভেচ্ছা ও ফোনালাপ

দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালে ফেসবুকে পোস্ট দিয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, ‘আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এ ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’ পরে বিকেলে ফোনালাপে নরেন্দ্র মোদি তাকে আবারো অভিনন্দন জানান এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় শুভকামনা জানান। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে ‘তারেক ভাই’ সম্বোধন করে লেখেন, ‘বাংলাদেশের সব ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভেচ্ছা। বাংলাদেশের এ বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে।’

পাকিস্তানের নেতাদের ফোনালাপ ও সফরের আমন্ত্রণ

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। শাহবাজ শরিফ এক্স হ্যান্ডলে লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বিশাল বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণতম অভিনন্দন জানাই।’ রাতে ফোনালাপে তিনি তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং প্রয়াত বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। দুই দেশের জনগণের কল্যাণে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হন উভয় নেতা।

অন্যান্য দেশের প্রতিক্রিয়া

ব্রিটেন: ঢাকার ব্রিটিশ হাই কমিশন জানায়, ‘আমরা আমাদের অভিন্ন অগ্রাধিকার—অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করি।’
মালয়েশিয়া: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লেখেন, ‘এটি গণতন্ত্রের একটি বিজয়। অসাধারণ চ্যালেঞ্জপূর্ণ একটি সময় অতিক্রম করার পর বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন।’
শ্রীলংকা: প্রেসিডেন্ট আনুরা কুমারা লেখেন, ‘গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা। নির্বাচনের ফলাফল তারেক রহমানের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।’
নেপাল: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি লেখেন, ‘প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করতে আপনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
ভুটান: প্রধানমন্ত্রী শেরিং তোবগে লেখেন, ‘এ বিপুল জনসমর্থন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রকাশ এবং তা শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’
মালদ্বীপ: প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু লেখেন, ‘মালদ্বীপ ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’

বিশ্লেষকদের মত

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রজ্ঞাপন জারির আগেই বিশ্বের ১৫টিরও বেশি দেশের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘তারা খুব উষ্ণতার সঙ্গে সামনের সরকারকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশের ব্যাপারে যে ইতিবাচকতা তৈরি হয়েছে, সেটা ভবিষ্যৎকে ঘিরে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, ‘অভিনন্দন বার্তাগুলোতে তারেক রহমানের নাম উল্লেখ করে বিশ্বনেতারা তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন। বিশেষ করে মমতা ব্যানার্জির “তারেক ভাই” সম্বোধনটা খুবই তাৎপর্যপূর্ণ।’

এছাড়া শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্কের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই ব্যাপক আন্তর্জাতিক সমর্থনের মধ্যেই আজ নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন জারির অপেক্ষায় দেশবাসী।