bogra times Add
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্কুল ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়নি, পূর্বনির্ধারিত সূচিই বহাল

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক, ঢাকা:

পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন পর্যন্ত যে নির্দেশনা বহাল রয়েছে, সে অনুযায়ীই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ও কার্যক্রম চলবে। তবে নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ায় মন্ত্রণালয় প্রয়োজনবোধে এ সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে জানান, রমজানের ছুটির বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নতুন নির্দেশনা জারি করা হয়নি। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই শিক্ষা কার্যক্রম ও ছুটি চলবে। তবে সম্প্রতি নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে, তাহলে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা অনুযায়ী, ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদুল ফিতর ও অন্যান্য ছুটি মিলিয়ে মোট ১৯ দিন ছুটি রয়েছে। এতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত।

এদিকে পবিত্র রমজান মাসে পুরো মাস স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। ১৫ ফেব্রুয়ারি ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। তবে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই স্থগিতাদেশ দেন। ফলে রমজানে স্কুল বন্ধের বিষয়টি আবারও পূর্বের সিদ্ধান্তেই ফিরে গেছে।

এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোনো প্রজ্ঞাপন না আসায় দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত ছুটির তালিকা ও সময়সূচি অনুযায়ী কার্যক্রম চলবে। নতুন শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক মহলের একটি অংশ।